
ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক ব্যবসা ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলোও সরেজমিনে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি মন্তব্য করেন, এ ধরনের সমস্যার পেছনে দায়ী পুরো ব্যবস্থার সবাই শাস্তির আওতায় না এলেও উদ্যোগটি প্রশংসার দাবিদার। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সারজিস আলম আরও বলেন, একই ধরনের আকস্মিক ও বাস্তবধর্মী পর্যবেক্ষণ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও প্রয়োজন। বিশেষ করে চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো সরেজমিনে যাচাই করতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তার মতে, বাস্তব পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করলে এসব সমস্যার প্রকৃত চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
আপনার মতামত লিখুন :