
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ি গ্রামের দীর্ঘদিনের ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য একটি সড়ক স্থানীয় সামাজিক সংগঠন ‘কুলুবাড়ি তরুণ সমাজ’ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে। সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে রাবিশ ফেলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে পথচারী, শিক্ষার্থী এবং যানবাহন চলাচলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এলাকাবাসী। বিশেষ করে বর্ষার সময়ে বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেত। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও স্থায়ী সংস্কারকাজ হয়নি। এ পরিস্থিতিতে কুলুবাড়ি তরুণ সমাজের সদস্যরা নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজ হাতে নেন।
২০২৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠন অল্প সময়ের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। সংগঠনটি নিয়মিত সমাজসেবা, খেলাধুলা আয়োজন, ধর্মীয় অনুষ্ঠান সম্পাদন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কাজ করে আসছে।
কুলুবাড়ি তরুণ সমাজের সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য হলো এলাকার মানুষের দুর্ভোগ কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাবিশ ফেলে ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামত করা হয়েছে। তবে তারা বলেন, এটি কেবল সাময়িক সমাধান; স্থায়ী সংস্কারের জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, তরুণদের সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রশংসনীয় এবং এটি অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। এলাকা বাসী আরও দাবি করেছেন, সড়কটির টেকসই ও স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুন।
আপনার মতামত লিখুন :