
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিকে সব ধরনের বৈশ্বিক নৌ চলাচলের জন্য অবিলম্বে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দেওয়ারও শর্ত জুড়ে দিয়েছেন।
শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির কয়েকটি শর্ত তুলে ধরেন ট্রাম্প। তার শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়াই উভয় দিক থেকে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে এবং প্রণালিতে থাকা মাইন দ্রুত সরিয়ে ফেলতে হবে। ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী ইতোমধ্যেই অনেক মাইন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে, ফলে বর্তমানে আটকে থাকা জাহাজগুলো তাদের গন্তব্যে ফিরতে পারবে। এছাড়া, প্রায় ১১ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমানের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতায় উদ্ধার করে ধ্বংস করা হবে বলে দাবি করেছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে তেহরানের প্রতিক্রিয়া এসেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প চুক্তির গুরুত্বপূর্ণ অংশ বিকৃতভাবে তুলে ধরেছেন। সংস্থার দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য ভিত্তিহীন, এবং হরমুজ প্রণালিতে টোলমুক্ত চলাচলের বিষয়টিও খসড়া চুক্তিতে নেই।
ইরানি সূত্র আরও জানায়, ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করার এবং লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেননি। তেহরান এই বিষয়ে সতর্ক করে জানিয়েছে যে, ট্রাম্পের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে।
আপনার মতামত লিখুন :