সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত


সাতক্ষীরা প্রতিনিধি, প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং বিল্ডিংয়ের নিচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাড. মো. আকবর আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলহাজ অ্যাড. নুরুল আমিন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ। এছাড়াও অ্যাড. তোহা কামাল উদ্দিন হিরা, অ্যাড. সোহরাব হোসাইন, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. ফিরোজ আহমেদ, অ্যাড. শাহরিয়ার হাসিবসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।