
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের কারণে একটি তালগাছ ভেঙে পড়ে ৯ বছর বয়সী শারমিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরীপুর গ্রামে ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল শারমিন। হঠাৎ ঝড় শুরু হলে একটি তালগাছ তার ওপর পড়ে। গুরুতর আহত শিশুটিকে পরিবারের সদস্যরা দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগেই তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
একই ঝড়ে উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নের সোরা এলাকায় কয়েকটি পরিবারের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি টিনের চালা উড়ে গেছে এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :