শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩০, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ পালিত হচ্ছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিদ্রোহী সদস্যের হাতে তিনি নিহত হন। দিনটি উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আটদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিশেষ পোস্টার প্রকাশ, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব পর্যায়ের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

এদিন সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন থানা এবং দেশের অন্যান্য ইউনিটে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সামাজিক সহায়তামূলক কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধকালে জিয়াউর রহমান জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কারণে তিনি বিশেষভাবে পরিচিত।

প্রতি বছর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করে থাকে।