শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: রিজভী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ঈদ উদযাপন করছে: রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেও সরকার নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকট মোকাবিলায় সরকার জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশেষ করে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করতে সরকার সহযোগিতামূলক ভূমিকা পালন করেছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। রাজনৈতিক মতভেদের কারণে কাউকে রাষ্ট্রীয় নিপীড়নের মুখোমুখি হতে হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করছে এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।