বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে তিনি জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। এরপর তিনি বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জাতীয় ঈদগাহের জামাতে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও ঈদের নামাজ আদায় করেন।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদ ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণের বার্তা বহন করে।

তিনি আরও বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও ঈমানের শিক্ষা ঈদুল আজহাকে গভীর তাৎপর্যময় করে তুলেছে। তিনি দেশবাসীসহ মুসলিম বিশ্বের জন্য শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।