
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার এই বার্তা প্রকাশিত হয়।
শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকেও ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হলো। তিনি উল্লেখ করেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা কোটি কোটি ভারতীয় মুসলিম আনন্দ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করছেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ঈদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন এবং বলেন, যৌথ সংস্কৃতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্য দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছে।
মোদি আশা প্রকাশ করেছেন, অভিন্ন উন্নয়নের লক্ষ্য দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও কল্যাণ এবং বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ কামনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :