
পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। নগরী পরিচ্ছন্ন রাখতে সকাল থেকেই মাঠে নেমেছেন হাজারো পরিচ্ছন্নতাকর্মী।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ ও অপসারণ করতে দেখা যায় সিটি করপোরেশনের কর্মীদের। ধানমন্ডি ও লালবাগসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীরা ঠেলাগাড়ি ও পিকআপভ্যানে করে বর্জ্য সংগ্রহ করছেন। পরে সেগুলো বড় ডাম্পিং ট্রাকে করে নির্ধারিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নেওয়া হচ্ছে।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের পবিত্রতা বজায় রাখা ও পরিবেশ দূষণ রোধে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ কার্যক্রম তদারকিতে ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে উপস্থিত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণের কাজ দ্রুত গতিতে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নগরী পরিষ্কার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নগর কর্তৃপক্ষ নাগরিকদের নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে এবং পলিথিন ব্যাগ ব্যবহার করে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবেশসম্মত উপায়ে কোরবানির কার্যক্রম সম্পন্ন করার অনুরোধও জানানো হয়েছে।
ঢাকায় চলতি বছর প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫৪ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে দুই সিটি করপোরেশনের প্রায় ৪০ হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটির মধ্যেও নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যেই পুরো শহর বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
আপনার মতামত লিখুন :