
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এ জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।
ঈদের প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয়।
এবারও জাতীয় ঈদগাহে নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজ ও ওজুর ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থাও ছিল। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। আয়োজকরা জানান, প্রায় সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল।
ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা। এছাড়া রাজধানীর প্রায় এক হাজার ঈদের জামাতকে কেন্দ্র করে দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :