
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ জামাতে তারা পাশাপাশি নামাজ আদায় করেন।
ঈদের এই প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নামাজে অংশ নেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করেন। নিরাপত্তার স্বার্থে প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়। পাশাপাশি পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়।
আপনার মতামত লিখুন :