ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে এবং সেনাসদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ঢাকা সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী বর্তমানে ঢাকা সেনানিবাসে অবস্থান করছেন এবং সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে নামাজ আদায়ের পর দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন তিনি।

ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহিমা নিয়ে প্রতি বছরের মতো আবারও মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করেছেন যেন সবার ত্যাগ ও কোরবানি কবুল করা হয়। একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, সম্প্রীতি ও স্থিতিশীলতা কামনা করেন।

তিনি আরও বলেন, ঈদুল আজহার ত্যাগের শিক্ষা মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং মহান আল্লাহ সবার ইবাদত কবুল করুন।