
বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বাংলাদেশে অবস্থিত দূতাবাস এক বার্তায় জানান, ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভকামনা জানিয়েছেন।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় পুতিন উল্লেখ করেছেন, মুসলিমরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে ঈদুল আজহা উদযাপন করেন। এই উৎসব বিশ্বাসীদের ইসলামের মূল শিক্ষা—দয়া, ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার সঙ্গে আরও ঘনিষ্ঠ করে।
তিনি আরও বলেন, রাশিয়ার মুসলিম সংগঠনগুলো দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং শিক্ষা ও দাতব্য কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
পুতিন মুসলিমদের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়নে তাদের অবদান গুরুত্বপূর্ণ এবং তারা মাতৃভূমি ও পরিবারের প্রতি সহায়তা প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন ত্যাগ ও আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :