পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনকে সামনে রেখে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে প্রতি বছরের মতো আবারও মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশ ও বিদেশে বসবাসরত সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহা কেবল আনন্দের উৎসব নয়; এটি মহান আল্লাহর প্রতি আনুগত্য, আত্মত্যাগ ও গভীর বিশ্বাসের প্রতীক। হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য ত্যাগ ও নিঃশর্ত আত্মসমর্পণের আদর্শ বিশ্ব মুসলিমের কাছে এই দিনটিকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা ঈদ উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবার কোরবানি ও ইবাদত কবুল হয় এবং বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।

বার্তার শেষাংশে তিনি বলেন, আল্লাহর রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় আরও উজ্জ্বল হয়ে উঠুক।