ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মাঠপর্যায়ে তদারকির নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্যে বিভাগটির আওতাধীন সব দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, ঈদের ছুটির সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, পরিদর্শন কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে। একই সঙ্গে নিয়মিত রক্ষণাবেক্ষণ কিংবা আকস্মিক ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে আগেভাগেই গ্রাহকদের অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ জন্য স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোকে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে এবং বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা বহাল থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে ঈদকালীন সময়ে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদী।