আজ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
আজ শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গত সোমবার। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে একত্রিত হন ১৬ লাখের বেশি হাজি।

আজ বুধবার, ১০ জিলহজ। ফজরের নামাজ আদায়ের পর মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। সেখানে পৌঁছে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানের প্রতীকী স্তম্ভে প্রথম পাথর নিক্ষেপ করেন।

হজের নিয়ম অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ পর্যন্ত টানা তিন দিন মিনার জামারাত এলাকায় ছোট (আল-উলা), মাঝারি (আল-উস্তা) ও বড় (আল-আকাবা) শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ করবেন মুসল্লিরা। এ উদ্দেশ্যে মুজদালিফা থেকে আগে থেকেই ছোট পাথর সংগ্রহ করে রেখেছেন তারা।

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালনে সৌদি আরবে সমবেত হয়েছেন।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

এদিকে চলতি হজ মৌসুমে পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। তীব্র গরমের কারণে সৌদি কর্তৃপক্ষ হাজিদের পর্যাপ্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।