
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার বিচারকার্য দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রপক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তবে দেশে বিচারক ও আইনজীবীর সংকটের কারণে অনেক সময় বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১০টার দিকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি আদালত অবমাননার শামিল। তার মতে, বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন বলেই অনেক মামলায় গ্রেপ্তারের পরদিনই আসামিরা জামিন পেয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা অনেক দেশের তুলনায় স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। তবে মামলা জটের মূল কারণ হলো বিচারক ও আইনজীবীর সংকট, পাশাপাশি পর্যাপ্ত ট্রায়াল আইনজীবীর অভাবও রয়েছে।
এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কিছু ঘটনায় পুলিশের দায়িত্বশীলতার কোনো ঘাটতি ছিল না এবং বিচারকরাও স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। তাই এসব বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
এর আগে তিনি শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় অংশ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :