বিশ্বকাপ বলে থাকছে যেসব প্রযুক্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
বিশ্বকাপ বলে থাকছে যেসব প্রযুক্তি

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে আলোচনায় এসেছে নতুন প্রযুক্তি-নির্ভর ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। বিশ্বকাপের জন্য অ্যাডিডাসের তৈরি এই অফিসিয়াল বলটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন আয়োজক দেশকে সম্মান জানিয়ে ডিজাইন করা হয়েছে।

বলটির নাম ‘ট্রাইওন্ডা’ রাখা হয়েছে তিন দেশের নামের সমন্বয়ে। এতে ব্যবহার করা হয়েছে নীল, লাল ও সবুজ রঙ, যা তিন দেশের পতাকার প্রতিনিধিত্ব করে। নতুন এই বলের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর ভেতরে থাকা উন্নত প্রযুক্তি।

‘ট্রাইওন্ডা’ বলে রয়েছে ৫০০ হার্ৎজ গতিসম্পন্ন মোশন সেন্সর, যা প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ বার ডেটা সংগ্রহ করতে সক্ষম। ফলে বলের অবস্থান, গতি, দিক এবং খেলোয়াড়ের স্পর্শ সম্পর্কিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে।

এই সেন্সর প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ব্যবস্থাকে আরও নির্ভুল করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্টেডিয়ামের ক্যামেরার সঙ্গে সমন্বয় করে ম্যাচের প্রতিটি ঘটনার বিশ্লেষণ আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে।

বলটির ভেতরের সেন্সরের ওজন মাত্র ১৪ গ্রাম হওয়ায় এর স্বাভাবিক ওজন, গতি বা বাউন্সে কোনো প্রভাব পড়বে না। বিশেষভাবে ডিজাইন করা এই প্রযুক্তি বলের ভিতরে এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে বাইরে থেকে এটি বোঝা যায় না।

সেন্সরটি চালু রাখতে ম্যাচের আগে চার্জ দিতে হয়, যা একবার পূর্ণ চার্জে প্রায় ৬ ঘণ্টা পর্যন্ত কার্যক্ষম থাকে।

বিশেষজ্ঞদের মতে, ‘ট্রাইওন্ডা’ শুধু একটি ম্যাচ বল নয়, বরং এটি আধুনিক ফুটবলে প্রযুক্তির নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, যেখানে প্রতিটি মুহূর্ত আরও নির্ভুলভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।