
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ভোর ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কালামা শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৯ কিলোমিটার নিচে।
অন্যদিকে, চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে কম্পনটি অনুভূত হয়। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।
এদিকে, চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই। ফলে দেশটির উপকূলীয় অঞ্চলে কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় চিলিকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
আপনার মতামত লিখুন :