
মাদারীপুরের শিবচরে সামাজিক সংগঠন ‘শিবচর এন্ড ইয়ুথ’-এর উদ্যোগে ইসলামী প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
জানা যায়, সেবামূলক এ সংগঠনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হিফজুল কুরআন, হামদ-নাত, বাংলা বক্তৃতা ও ইংরেজি বক্তৃতা—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায় থেকে বাছাইকৃত মোট ৫০ জন শিক্ষার্থী মূল প্রতিযোগিতায় অংশ নেয়।
সোমবার বিকেল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা শেষে রাত ৮টার দিকে চারটি বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মোট ১২ জন শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।
বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারীরা হলেন—হামদ-নাত বিভাগে হালিমা খাতুন মহিলা মাদরাসার শিক্ষার্থী শেখ তাহসিনাহ, হিফজুল কুরআন বিভাগে জামিয়া মাদানিয়া দারুল উলুম কওমী মাদরাসার হাফেজ মুহাম্মদ এনামুল হক, বাংলা বক্তৃতায় ইসলামিয়া ফোরকানিয়া মাদরাসার মো. ইয়াকুব আলী এবং ইংরেজি বক্তৃতায় সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা জান্নাত মারিয়াম।
অনুষ্ঠানটি শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব ও শিবচর এন্ড ইয়ুথ-এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল রানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শরিয়ত উল্লাহ (র.)-এর সপ্তম পুরুষ পীর সাহেব হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।
অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ‘কলরব’ নামের একটি সংগঠন। আয়োজক সোহেল রানা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
আপনার মতামত লিখুন :