
নাটোরের লালপুরে রেললাইনের একটি সেতুর নিচ থেকে আশিক (২৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ী এলাকার ২১৩ নম্বর সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিহত আশিক লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার মহসিন আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি জন্মগতভাবে প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভোররাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :