মাদারীপুরে ইজারার টাকার ভাগ নিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
মাদারীপুরে ইজারার টাকার ভাগ নিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনি উপজেলায় গরুর হাটের ইজারার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার রাতে উপজেলার খাসেরহাট বাজার গোলচত্বর এলাকায়। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাসেরহাট গরুর হাটের ইজারাদার নুরুল ইসলাম।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে খাসেরহাট গরুর হাটের ইজারার টাকা গণনা চলছিল। এ সময় আরেকটি পক্ষ সেখানে গিয়ে টাকার ভাগ দাবি করে। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এতে দুইজন আহত হন এবং তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাট কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, টাকা গণনার সময় একটি পক্ষ এসে ভাগ দাবি করে। দাবি না মানায় তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।