মসজিদের মাইকে ঘোষণা হবে বিদ্যুৎ বন্ধের তথ্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
মসজিদের মাইকে ঘোষণা হবে বিদ্যুৎ বন্ধের তথ্য

বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদের মাইক ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদ উপলক্ষে ছুটিকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলে বিদ্যুৎ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটির সময় যেসব এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পরিদর্শন শেষে তারা একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর পাঠাবেন।

এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ হলে গ্রাহকদের অসন্তোষ কমাতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আগাম তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে গ্রাহকদের অবহিত করার কথাও বলা হয়েছে। এজন্য প্রতিটি এলাকার মসজিদের তথ্য ও সংশ্লিষ্টদের যোগাযোগ নম্বর সংগ্রহ করে ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা বহাল থাকবে।