
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ঈদকালীন বিশেষ টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারীরা মাদক ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল বিকেলে বালারহাট বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে ৫১ বোতল এবং সন্ধ্যায় উত্তর গোড়কমন্ডল এলাকায় আরও ৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় এবং ফেলে যাওয়া মাদক উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ১৫ বিজিবি।
আপনার মতামত লিখুন :