
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আরাফার ময়দানে শুরু হয়েছে খুতবা প্রদান কার্যক্রম। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবে আজ ৯ জিলহজ, যা ‘আরাফা দিবস’ হিসেবে পরিচিত। এদিন ঐতিহাসিক আরাফার ময়দানে সমবেত হয়ে হাজিরা দিনব্যাপী ইবাদত, দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন। এ সময় তারা “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…” ধ্বনিতে মুখরিত করে তুলেছেন পুরো প্রান্তর।
হজযাত্রীরা সকালেই মিনায় ফজরের নামাজ আদায় শেষে পবিত্র আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন। ইসলামী ইতিহাস অনুযায়ী, এই স্থানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।
চলতি বছরও বিশ্বের বিভিন্ন ভাষার পাশাপাশি বাংলাসহ প্রায় ৫০টি ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এ অনুবাদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বছরের বাংলা অনুবাদ কার্যক্রমে যুক্ত রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে অধ্যয়ন করেছেন।
আপনার মতামত লিখুন :