
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ কক্সবাজার জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির সিনিয়র সদস্য রুবেল হোসেন জিয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে এ ঈদের প্রকৃত তাৎপর্য আরও গভীরভাবে প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রুবেল হোসেন জিয়া বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়া এবং মানবিক দায়িত্ব পালন করা।
তিনি কক্সবাজার জেলার আইনজীবী, সহকারী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং অব্যাহত অগ্রগতির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
সবশেষে তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সবার জীবন, আর শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক দেশ ও সমাজ।
আপনার মতামত লিখুন :