দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি

দেশের ছয়টি বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গতকাল সোমবার (২৫ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩২.৫, রাজশাহীতে ৩৪.৪, রংপুরে ৩০, ময়মনসিংহে ২৫.৮, সিলেটে ২৪, চট্টগ্রামে ৩৪.৫, খুলনায় ৩৬ এবং বরিশালে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা টাঙ্গাইলে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আজ সকালে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা হাওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে হবে।