ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে একটি স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, বেলা ১১টা ৪১ মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪, যা স্বল্পমাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য হয়। তিনি আরও জানান, এতে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

তবে কম মাত্রার হওয়া সত্ত্বেও রাজধানীসহ বিভিন্ন এলাকার মানুষ এটি অনুভব করেছেন। বিশেষ করে ঢাকার কিছু বাসিন্দা জানান, হঠাৎ করে সামান্য কম্পনের কারণে মাথা ঘুরে যাওয়ার মতো অনুভূতি হয় এবং কেউ কেউ মোবাইল ফোনে সতর্কবার্তাও পান বলে উল্লেখ করেন।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে মাঝেমধ্যে ভূমিকম্প হয়ে থাকে, যা স্বাভাবিক প্রক্রিয়া। তবে তারা সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের ভেতর ভূমিকম্পের উৎপত্তির হার কিছুটা বেড়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকায়ও ভূমিকম্পের ঘটনা বাড়ছে, যা পর্যবেক্ষণের বিষয় বলে মনে করছেন তারা।