কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন। রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ ১৯৭৩-এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী তাকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

ব্যাংকিং খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ নুরুল আমিনের। প্রায় ৪৩ বছর ধরে তিনি দেশের বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক তাকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ব্যাংকটি একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

এছাড়া দেশের ব্যাংক খাতে তিনটি গুরুত্বপূর্ণ সংগঠন—অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এ ক্ষেত্রে তিনিই ছিলেন প্রথম ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক, যিনি একসঙ্গে এসব প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন।

১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা নুরুল আমিন দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকিং কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এছাড়া অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমাও অর্জন করেছেন তিনি।