ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা, যানজটহীন ঢাকার বিরল দৃশ্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা, যানজটহীন ঢাকার বিরল দৃশ্য

ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের উদ্দেশ্যে ইতোমধ্যেই বিপুলসংখ্যক মানুষ শহর ছেড়েছেন। ফলে ব্যস্ত নগরীর সড়কে দেখা মিলছে না সেই চিরচেনা যানজটের দৃশ্য।

সরকারি ছুটির সময়সূচির সমন্বয়ে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকিং কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, শহরের রাস্তাঘাট এখন অনেকটাই নিরিবিলি। সাধারণ দিনে যেসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট থাকে, সেগুলোর বেশিরভাগই ছিল প্রায় ফাঁকা। কিছু কিছু এলাকায় সীমিত সংখ্যক যানবাহন চলাচল করলেও সামগ্রিকভাবে পরিস্থিতি ছিল স্বস্তিদায়ক।

সড়কে গণপরিবহনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোকে যাত্রী স্বল্পতার কারণে দীর্ঘ সময় স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখা যায়। অনেক বাসেই আসন ফাঁকা রেখে চলাচল করতে হয়েছে। পরিবহন শ্রমিকদের মতে, ঈদের ছুটিতে অধিকাংশ যাত্রী ঢাকা ছেড়ে যাওয়ায় সড়কে চাপ অনেকটাই কমে গেছে।

মিরপুর–উত্তরা রুটে চলাচলকারী একটি বাসের হেলপার সুমন জানান, সাধারণ সময়ে বাসে দাঁড়ানোরও জায়গা থাকে না, কিন্তু এখন যাত্রী সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পূর্ণ হচ্ছে না।

একই রুটের আরেক হেলপার রাসেল বলেন, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রী কমে গেছে, ফলে আগের মতো চাপ আর নেই।

এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালগুলোতে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও স্বস্তির পরিবেশে কাজ করতে দেখা গেছে। যানবাহনের চাপ কম থাকায় অধিকাংশ স্থানে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে এবং অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে না বলে জানান তারা।