
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সময় সোমবার (২৫ মে) সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় পরে জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়।
৭৬ বছর বয়সী এই নেতার স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে একাধিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অতীতে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল, যা নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন ও আলোচনা তৈরি হয়।
গত মাসে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নেতানিয়াহু জানান, তিনি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফল অস্ত্রোপচার করেছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে এ তথ্য আগে প্রকাশ করা হয়নি।
তার প্রকাশিত স্বাস্থ্য বিবরণীতে অতীতের কয়েকটি চিকিৎসা ও অস্ত্রোপচারের তথ্যও উঠে এসেছে। এর মধ্যে ২০২৩ সালের জুলাইয়ে পেসমেকার বসানো, ২০২৪ সালের মার্চে হার্নিয়া অপারেশন এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের বিষয় রয়েছে।
এর আগে পেসমেকার সংক্রান্ত তথ্য ও হৃদযন্ত্রের অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছিল। চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্যের স্বচ্ছতা নিয়েও একাধিকবার বিতর্ক তৈরি হয়।
বর্তমান পরিস্থিতিতে দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার খবর প্রকাশের পর তার শারীরিক অবস্থা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :