আত্রাইয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে অর্থ ও ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
আত্রাইয়ে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে অর্থ ও ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার অসহায় পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি আনুষ্ঠানিকভাবে অর্থ ও ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে রয়েছেন। ঈদের আনন্দ যাতে কোনো পরিবার থেকে দূরে না থাকে, সেই লক্ষ্যেই এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও উৎসবে প্রশাসন মানুষের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার এবং ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের অনুভূতি দেখা যায়। স্থানীয়রা সরকারের এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।