হঠাৎ আবহাওয়া অফিসের সতর্কতা জারি, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
হঠাৎ আবহাওয়া অফিসের সতর্কতা জারি, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

একই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝড়ো আবহাওয়ার সময় নদীতে নৌযান পরিচালনায় বাড়তি সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং স্থানীয়ভাবে সৃষ্ট নিম্নচাপজনিত পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে নিরাপদ স্থানে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।