মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর!

চীনের গুয়াংডং প্রদেশে এক কৃষকের শরীরে ধরা পড়েছে বিরল এক চিকিৎসা ঘটনা। দীর্ঘদিনের তীব্র ব্যথা ও প্রস্রাবজনিত সমস্যার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার মূত্রথলি থেকে প্রায় ১.৩৬ কেজি ওজনের বিশাল একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫৬ বছর বয়সী ওই কৃষক কয়েক বছর ধরে বারবার প্রস্রাব আটকে যাওয়া, তীব্র অস্বস্তি ও ব্যথায় ভুগছিলেন। শুরুতে তিনি বিষয়টিকে সাধারণ সমস্যা ভেবে চিকিৎসা নেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরবর্তীতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার মূত্রথলির ভেতরে বড় আকারের একটি পাথর জমে রয়েছে, যা প্রস্রাবের পথ প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকেরা জানান, পাথরটির দৈর্ঘ্য ছিল প্রায় ১৩ সেন্টিমিটার এবং প্রস্থ প্রায় ১০ সেন্টিমিটার।

চিকিৎসকদের একটি বিশেষ দল জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে পাথরটি অপসারণ করে। অস্ত্রোপচারের পর দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পান ওই রোগী। চিকিৎসকেরা জানান, সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে পাথরটি ধীরে ধীরে এত বড় আকার ধারণ করে, যা তার জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারত।

সুস্থ হওয়ার পর ওই কৃষক বলেন, সময়মতো চিকিৎসা নিলে এত কষ্ট সহ্য করতে হতো না। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এটি ওই অঞ্চলে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় মূত্রথলির পাথরগুলোর একটি।