নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত টাকা বাড়ছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত টাকা বাড়ছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের (বেসিক) ওপর গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। তবে প্রশাসনে আলোচনা রয়েছে, ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মরতদের ক্ষেত্রে বেসিক বেতন শতভাগ পর্যন্ত বাড়তে পারে।

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৭ হাজার টাকায় উন্নীত হতে পারে। একইভাবে ২য় গ্রেডের বেতন ৬৬ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা এবং ৩য় গ্রেডের বেতন ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা হতে পারে।

এছাড়া ৪র্থ থেকে ১০ম গ্রেড পর্যন্ত সব স্তরেই উল্লেখযোগ্য হারে বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ১০ম গ্রেডে বর্তমানে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ২৪ হাজার থেকে ৫৭ হাজার ৯৬০ টাকায়।

অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হলে ১১তম গ্রেডের বেতন হবে ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা। আর ২০তম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১২ হাজার ৩৭৫ থেকে ৩০ হাজার ১৫ টাকায়।

তবে প্রশাসনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিম্ন গ্রেডের চাকরিজীবীদের শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে। সে ক্ষেত্রে ১১তম গ্রেডের বেতন সর্বোচ্চ ৬০ হাজার ৪৬০ টাকা এবং ২০তম গ্রেডের বেতন সর্বোচ্চ ৪০ হাজার ২০ টাকায় পৌঁছাতে পারে।

সরকারি সূত্র বলছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখেই নতুন পে-স্কেলে বেতন কাঠামো পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা আসন্ন বাজেট উপস্থাপনের পরই জানা যাবে।