
দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৫ মে) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া একই চার বিভাগে অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের ১৯টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের কয়েকটি জেলা রয়েছে। এদিকে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :