
বৈরী আবহাওয়া ও ঝড়ো বাতাসের কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুটি ফ্লাইট বিকল্প গন্তব্যে চলে যায়। এর মধ্যে একটি আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতায় অবতরণ করে এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট ফিরে যায় চট্টগ্রামে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব ফ্লাইট অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু সময় আকাশে অবস্থান করে শেষ পর্যন্ত ভারতের কলকাতা বিমানবন্দরের দিকে চলে যায়।
একই সময়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঝড়ো বাতাসের কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে যেতে বাধ্য হয়।
বিমানবন্দর সূত্র আরও জানায়, ঝড়ো আবহাওয়ার কারণে ওই সময় কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং থাই এয়ারওয়েজের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে।
পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর সাড়ে ১২টার পর থেকে ধাপে ধাপে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পাইলটরা এ ধরনের বিকল্প সিদ্ধান্ত নেন। ঝড়ো বাতাস ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে সাময়িকভাবে অবতরণে ঝুঁকি তৈরি হওয়ায় এসব পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে হঠাৎ এই ফ্লাইট বিপর্যয়ের কারণে বিমানবন্দরে কিছুটা সময় যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ায় পরবর্তীতে কার্যক্রম পুনরায় সচল হয়।
আপনার মতামত লিখুন :