টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নি’হ’ত ১৫


নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নি’হ’ত ১৫

ঈদকে ঘিরে বাড়ি ফেরার আনন্দমুখর যাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে হৃদয়বিদারক ট্র্যাজেডিতে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

সোমবার (২৫ মে) ভোর প্রায় ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে আসা লোহার রডবোঝাই ট্রাকটিতে চালক ও হেলপারের পাশাপাশি কয়েকজন যাত্রীও ছিলেন। ভোরের দিকে দ্রুতগতিতে চলার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ভারী রড ছিটকে যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, রডবোঝাই ট্রাকটি খাদে উল্টে পড়ার পর যাত্রীরা রডের নিচে চাপা পড়ে হতাহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুতগতিকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র বাটি (ডেবরা) গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকায়। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, বিভিন্ন সূত্রে নিহতদের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে বলে তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।