
লক্ষ্মীপুরের কমলনগরে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কাটা এবং অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। গত এক সপ্তাহে পরিচালিত চারটি পৃথক অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ৭টি ট্রাক্টর আটক করা হয়েছে।
গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ হওয়া ট্রাক্টরের মধ্যে দুটি উপজেলা পরিষদ চত্বরে এবং বাকি পাঁচটি কমলনগর থানা প্রাঙ্গণে রাখা হয়েছে।
এদিকে কমলনগর-রামগতি আঞ্চলিক সড়কে মাটিবাহী ও অতিরিক্ত ওজন বহনকারী ট্রাক্টর চলাচলে স্থানীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো ট্রাক্টর চলাচল করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে আটকের নির্দেশ দেওয়া হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগকে।
উপজেলা প্রশাসনের দাবি, কিছু জমির মালিক কৃষিজমির টপ সয়েল বিক্রি করায় জমির উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে অবৈধ মাটি কাটা ও ঝুঁকিপূর্ণ যান চলাচল ঠেকাতে নিয়মিত অভিযান, ভ্রাম্যমাণ আদালত ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা ও স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :