ঈদ উপলক্ষে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
ঈদ উপলক্ষে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালু

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে ট্রেনে বিশেষ কোচ সংযুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এ বিশেষ সেবা ঈদের আগের তিন দিন পর্যন্ত, অর্থাৎ আগামী ২৭ মে পর্যন্ত চালু থাকবে।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত নারী বিশেষ কোচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এ সময় বিশেষ কোচে ভ্রমণকারী নারী যাত্রীদের বিদায় জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীন, ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশেষ কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ঢাকায় পৌঁছালে বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানানোর কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের।

সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এই বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।