
ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় নতুন দর নির্ধারণ করা হয়।
নতুন দরের ফলে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার ভরিপ্রতি দামও সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে রূপার দামেও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাজুস আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নতুন দাম কার্যকর থাকবে। বিক্রয় মূল্যের ওপর সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরিও যোগ হবে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির প্রভাবে সোনার দামে এই পরিবর্তন এসেছে। এতে আসন্ন ঈদ মৌসুমে গহনার বাজারে ক্রেতাদের ব্যয় কিছুটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :