ঈদুল আজহা উপলক্ষে ২৫-৩১ মে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে ২৫-৩১ মে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর-এর সব ধরনের সরকারি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে বন্দরের আমদানি-রপ্তানি, কাস্টমস কার্যক্রম এবং পণ্য খালাস কার্যক্রম স্থগিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি ও উৎসবকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

তবে বন্ধের সময়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, আগামী ১ জুন সকাল থেকে পুনরায় বেনাপোল স্থলবন্দর-এর আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালু হবে।

ব্যবসায়ী মহলের মতে, ঈদের ছুটির কারণে কয়েকদিন কার্যক্রম বন্ধ থাকলেও ছুটি শেষে আবারও পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।