‘ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
‘ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সোমবার (২৫ মে) এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন, ভিআইপি নারী ৮০ জন, সাধারণ পুরুষ ৩১ হাজার এবং নারী ৩ হাজার ৫০০ জনের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক জানান, নামাজের জন্য ভিআইপি পুরুষদের জন্য ৫টি কাতার, নারীদের জন্য ১টি কাতার নির্ধারণ করা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারীদের জন্য ৫০টি ছোট কাতারসহ মোট ১২১টি কাতার থাকবে। তিনি আরও জানান, ঈদগাহে প্রবেশের জন্য মোট ৪টি গেট থাকবে। এর মধ্যে ভিআইপিদের জন্য ১টি, পুরুষদের জন্য ২টি এবং নারীদের জন্য ১টি গেট নির্ধারণ করা হয়েছে। নামাজ শেষে বের হওয়ার জন্য ভিআইপিদের ১টি, পুরুষদের ৫টি এবং নারীদের ১টি গেট থাকবে।

আবহাওয়া খারাপ থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। কোরবানি ব্যবস্থাপনা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোরবানির বর্জ্য বায়োডিগ্রেডেবল ব্যাগে সংরক্ষণ করে দ্রুত অপসারণ করা হবে।

তিনি আরও জানান, ঈদের প্রথম দিনের বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কাজে ১৩ হাজার ৪৫৩ জন কর্মী এবং ২ হাজার ১১৭টি যানবাহন নিয়োজিত থাকবে।