
ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৫ মে) সকাল থেকে যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের ৪ জুনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। একই দিনে দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদযাত্রা ব্যবস্থাপনা অনুযায়ী, আগেই ধারাবাহিকভাবে বিভিন্ন দিনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩১ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি করা হয়।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়সূচি অনুসারে ধাপে ধাপে ফিরতি যাত্রার টিকিট বিক্রি সম্পন্ন করা হচ্ছে, যাতে ঈদের পর যাত্রী চাপ নিয়ন্ত্রণে রাখা যায় এবং ভোগান্তি কমানো যায়।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা টিকিট যাত্রীরা ফেরত দিতে পারবেন না। পাশাপাশি প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম অবশ্যই টিকিট ক্রয়ের সময় উল্লেখ করতে হবে।
ঈদ পরবর্তী সময়ে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে, যাতে ফিরতি যাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।
আপনার মতামত লিখুন :