আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন

আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দিল্লিকে পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এ চিঠির কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাবে— এমন প্রত্যাশা তার ছিল না। তিনি বলেন, “আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আওয়ামী লীগ রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাবে বলে আমি মনে করি না। তারা আবার রাজনীতিতে ফিরে আসবে এবং আমার ধারণা, আগামী নির্বাচনেই অংশ নেবে।”

তৌহিদ হোসেন আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সংশ্লিষ্টরা তাকে বোঝান, এতে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা বলেন, চুক্তি প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। তার ভাষ্য, “এ বিষয়ে কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার।”

জুলাই গণঅভ্যুত্থানে ‘ডিপস্টেট’-এর ভূমিকা ছিল কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের প্রায় প্রতিটি বড় ঘটনার পেছনেই কোনো না কোনোভাবে ডিপস্টেট সক্রিয় থাকে।