২০২৬ বিশ্বকাপ মিস করবেন যেসব তারকা ফুটবলার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপ মিস করবেন যেসব তারকা ফুটবলার

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। ইতোমধ্যে প্রস্তুতির শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন রোনালদো, মেসি ও নেইমারের মতো বিশ্বসেরা তারকারা। তবে ৪৮ দলের এই বিশাল আসর থেকে এবার ছিটকে পড়েছেন ফুটবল বিশ্বের বেশ কিছু বড় নাম, যারা ইনজুরি কিংবা বাছাইপর্বে ব্যর্থতার কারণে মহাযজ্ঞে জায়গা করতে পারেননি।

ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করছেন ব্রাজিলের তরুণ উইঙ্গার এস্তেভাও। চেলসির হয়ে খেলার সময় গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই প্রতিভাবান ফুটবলার। একই দলের রদ্রিগো হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বলে জানা গেছে।

জর্জিয়ার তারকা খভিচা কভারাতসখেলিয়া দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় এবারের আসরে থাকছেন না। ইউরোপীয় ক্লাব ফুটবলে দারুণ ফর্মে থাকা এই উইঙ্গার আন্তর্জাতিক মঞ্চে আবারও অপেক্ষায় থাকছেন।

পোল্যান্ডের অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কিও এবার বিশ্বকাপ মিস করছেন। বাছাইপর্বে নাটকীয়ভাবে ব্যর্থ হয়ে তার দেশ টুর্নামেন্টে জায়গা পায়নি। ফলে দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি বড় সুযোগ হারালেন এই তারকা। ফ্রান্সের হুগো একিতিকে গুরুতর অ্যাকিলিস টেন্ডন ইনজুরির কারণে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

ইতালির বিশ্বকাপ ব্যর্থতার কারণে দলটির তারকা গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা এবং মিডফিল্ডার সান্দ্রো তোনালিও এবারের আসরে নেই। একইভাবে নাইজেরিয়ার ভিক্টর ওসিমেন ও আদেমোলা লুকম্যান বাছাইপর্বে ব্যর্থতার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। নেদারল্যান্ডসের তরুণ মিডফিল্ডার জাভি সিমন্স ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। ক্যামেরুনের ব্রায়ান এমবিউমোও দেশ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় খেলতে পারছেন না।

এছাড়া ইনজুরি ও ফর্মহীনতার কারণে স্পেনের ফারমিন লোপেজ, জার্মানির সার্জ গ্যানাব্রি, ইংল্যান্ডের কোল পামার ও ফিল ফোডেন, জাপানের তাকুমি মিনামিনো ও কাওরু মিতোমা এবং ব্রাজিলের এদের মিলিতাও, জোয়াও পেদ্রো ও রিশার্লিসনও এবারের বিশ্বকাপে জায়গা হারিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে এবার যেমন তারকাখচিত লড়াই দেখা যাবে, তেমনি বহু পরিচিত মুখের অনুপস্থিতি ভক্তদের জন্য বড় হতাশার কারণ হয়ে থাকবে।