
সত্য প্রকাশের প্রত্যয়, সাহসী সাংবাদিকতা এবং জনমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার অঙ্গীকার নিয়ে ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করেছে দৈনিক দক্ষিণের মশাল। গত শনিবার উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেক কাটা, আলোচনা সভা এবং প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি শেখ হাসান শাহারিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হোসেন আলী এবং ম্যানগ্রোভ সভাঘরের স্বত্বাধিকারী কবি স. ম. তুহিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, একটি সংবাদপত্র শুধু তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের বিবেক ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। বর্তমান সময়ে তথ্যের ভিড়ে সত্য তুলে ধরা যেমন চ্যালেঞ্জের, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তাও বহুগুণ বেড়েছে। তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সংকটের চিত্র দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে দৈনিক দক্ষিণের মশাল।
প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, মফস্বল সম্পাদক মোহাম্মদ মোজাহিদ, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুন, আব্দুল জলিল, আব্দুর রশিদ, খাইরুল বাসার, আবুল হোসেন, আবু সায়ীদ, কালিগঞ্জ প্রতিনিধি আরাফাত হোসেন, আশাশুনি প্রতিনিধি আলমগীর হোসেন, কাশিমাড়ি ইউনিয়ন প্রতিনিধি হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার ইয়াছিন আলম এবং গ্রাফিক্স ডিজাইনার আবু হাসান।
সভাপতির বক্তব্যে সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, “সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই দক্ষিণের মশালের যাত্রা শুরু। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও আমরা সত্য ও মানুষের পক্ষে থাকার চেষ্টা করেছি। সহকর্মীদের আন্তরিকতা ও পাঠকের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।”
আলোচনা শেষে প্রতিনিধি সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম, সংবাদ পরিবেশনায় নৈতিকতা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং পাঠকবান্ধব কনটেন্ট তৈরির বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :