
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭নং গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থিতা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রার্থী এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মোঃ ওবায়দুল্লাহ খন্দকার। তিনি সাবেক চেয়ারম্যান ও সদ্য প্রয়াত আসাদুজ্জামান খন্দকারের সহোদর ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে এলাকায় কাজ করে আসছেন। বড় ভাইয়ের সুনাম ও ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচিত হলে বড় ভাইয়ের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করছেন।
অন্যদিকে জহিরুল ইসলাম আকন্দ সুমন, যিনি গোসিংগা ইউনিয়ন বিএনপির বর্তমান সদস্য সচিব এবং একজন সমাজসেবক হিসেবে পরিচিত, তিনিও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদী। দলীয় অবস্থান ও স্থানীয় নেতাকর্মীদের সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে তিনি বিজয়ের প্রত্যাশা করছেন।
প্রার্থীদের তালিকায় আরও রয়েছেন ইঞ্জিনিয়ার লুৎফর রহমান আলম প্রধান। তিনি মরহুম আঃ ছালাম প্রধান (সাবেক মেম্বার)-এর সন্তান। তরুণ সমাজসেবক হিসেবে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। পিতার জনপ্রিয়তা ও রাজনৈতিক ইমেজকে কাজে লাগিয়ে তিনি ভালো ফলাফলের আশায় রয়েছেন।
এছাড়া মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়া, যিনি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, তিনিও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী।
আপনার মতামত লিখুন :