
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “রামিসার ঘটনায় চার্জশিট আজই দাখিল করা হবে। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। তবে এটি সম্পূর্ণ আদালতের বিষয়। আমরা আশা করছি, মাননীয় আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।” এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে। এর আগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকারের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সিআইডি এসব গুরুত্বপূর্ণ নথি তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। তদন্তকারীদের আশা, ডিএনএ প্রতিবেদনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং তা আদালতে শক্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।
এর আগে গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি সোহেল রানাকে ২০ মে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
এ ঘটনায় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, যাতে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
আপনার মতামত লিখুন :